দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা

বিএনপি নেতাকে ধরতে চলছে সাঁড়াশি অভিযান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২২ এএম

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

এদিকে এই হত্যার ঘটনায় মো. রাসেল (২২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মানববন্ধনে উপস্থিত নিহত তামিমের মা খুরশিদা বেগম বলেন, ‘আমার কিছু বলার নেই। আমার ছেলেটা অনেক নিরীহ ছিল। আমার ছেলে কোনো দিন কারও সঙ্গে কোনো বেয়াদবি করেনি। সবাইকে সালাম দিয়ে কথা বলছে। আমার ছেলেটা যাওয়া মাত্রই আমার ছেলেটাকে মেরে ফেলছে। এমন মারা মারছে, ছেলেটা এসে বলতেছে, মা আমার বুকটা ব্যথা করে।’

তিনি আরও বলেন, ‘ আমার ছেলেটারে হাসপাতালে নিতে নিতে শেষ। আমার ছেলেরে সন্ত্রাসী বানাইনি। মানুষ বানাইছি। লেখাপড়া শিখাইছি। কেউ বলতে পারবে না আমার ছেলে কোনো খারাপ কাজে জড়িত। ঘটনার মূলে রয়েছে মো. রুবেল শেখ, মামুন, কবির এরা ষড়যন্ত্র করে আমার বাচ্চাটাকে মারার জন্য আসছে। আমার বাচ্চাটারে মারতে মারতে মেরেই ফেলল। আল্লাহ, আল্লাহ আমার বাচ্চা হত্যার তুমি বিচার কইরো। আমি ড. ইউনূসসহ সব উপদেষ্টার কাছে আমার বাচ্চার হত্যার বিচার চাই।’

মানববন্ধনে তামিমের বাবা সুলতান আহমেদ, বড় ভাই শামভিল জাহান ইসলাম, ভাবি ফারিয়া, ভাতিজি মুনাজাসহ পরিবারের অন্য সদস্য, সহকর্মী, সহপাঠীরা অংশগ্রহণ করেন। এ সময় ‘নতুন বাংলাদেশে নাগরিকদের প্রাণের নিরাপত্তা চাই’, ‘ঘাতক প্লিজেন্ট প্রোপার্টিজের অনুমোদন বাতিল চাই’, ‘তামিম হত্যার বিচার চাই’, ‘জাস্টিস ফর তামিম’, ‘বিচার চাই বিচার, বিচার চাই, তামিম হত্যার বিচার চাই’সহ বিভিন্ন দাবি লিখে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

হাতিরঝিল থানার ওসি মো. গোলাম আযম বলেন, তামিম হত্যার ঘটনায় মো. রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে রাজধানী ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরাসরি হত্যাকা-ে অংশ নিয়েছেন। এ নিয়ে হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

এ ছাড়া এ ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে তামিমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় বিএনপি নেতা রবিউল আলম রবি ও মামুনসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপক আবদুল লতিফ, কুরবান আলী, মো. মাহিন, মোজাম্মেল হক কবির, বাঁধন ও রাসেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত