নরসিংদীতে পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাভেল ডকুমেন্ট যেকোনো দেশ ইস্যু করতে পারে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২৩ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল কার্ড দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ট্রাভেল ডকুমেন্ট যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। কোনো মামলায় যদি তাকে (শেখ হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেয়, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

গতকাল শনিবার নরসিংদীতে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি দেশি-বিদেশি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি দিল্লি। এ বিষয়ে তৌহিদ হোসেনকে প্রশ্নটি করা হয়।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। আমাদের যেমন দরকার, তেমনি তাদেরও (ভারতের) দরকার।’

গতকাল বিকেলে নরসিংদী শহরের সেবা সংঘ দুর্গামন্দির পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তৌহিদ হোসেন আরও বলেন, ‘বর্তমান সরকার সর্বদায় সম্প্রীতিতে বিশ^াসী। সারা দেশে দুর্গাপূজা সুচারুরূপে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন হবে।’ শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবা সংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত