রেজিনা মারি কার্ক, পেশাগতভাবে যিনি জেনা ফিশার নামে পরিচিত একজন আমেরিকান অভিনেত্রী। ‘দ্য অফিস’-এ পাম বিসলি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেছিলেন তিনি। যার জন্য জেনা ২০০৭ সালে এমি পুরস্কারের জন্য মনোনীত হন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে এ হলিউড অভিনেত্রী স্তন ক্যানসারে আক্রান্ত হওয়া ও চিকিৎসা শেষে সুস্থ হওয়ার কথা জানান।
এক ইনস্টাগ্রাম পোস্টে জেনা ফিশার জানান, ২০২৩ সালের অক্টোবরে নিয়মিত পরীক্ষার পর তার ক্যানসার ধরা পড়ে। তিনি স্টেজ-১ ট্রিপল পজিটিভ স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে তিনি ভাগ্যবান যে এটি ছড়িয়ে পড়ার আগে তাড়াতাড়ি ধরা পড়েছিল।
বর্তমানে এ অভিনেত্রী ক্যানসারমুক্ত, তবে এ যাত্রাটা সহজ ছিল না বলে জানান হলিউড অভিনেত্রী। তিনি বলেন, টিউমার অপসারণের জন্য চলতি বছরের জানুয়ারিতে তার লাম্পেকটমি করা হয়। এরপর ফেব্রুয়ারি থেকে ১২ দফা কেমোথেরাপি এবং জুনে শুরু হয় তিন সপ্তাহের রেডিয়েশন থেরাপি।
চিকিৎসাকালীন অভিজ্ঞতার বিষয়ে অভিনেত্রী বলেন, কেমোথেরাপির সময় তিনি তার চুল হারিয়েছিলেন।
‘আমি বলতে পেরে খুশি যে, এখন দুর্দান্ত বোধ করছি’, জেনা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি অন্যদের এই রোগের লক্ষণ ও তার চিকিৎসা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। ‘আমি যদি আরও ছয় মাস অপেক্ষা করতাম তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারত’ তিনি লিখেছেন।
