প্রতি বছরের মতো গত শনিবার বিকেল থেকে রাতব্যাপী মাদারীপুরে ইলিশের মেলা বসে। একরাতেই মেলায় প্রায় দুই কোটি টাকার ইলিশ বেচাকেনা হয়েছে। জেলা শহরের পুরানবাজার মাছের বাজার, ইটেরপুল মাছ বাজার, মস্তফাপুর মৎস্য আড়তের সামনে ও মস্তফাপুর মহাসড়কের পাশে, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এই মেলা চলে ভোর পর্যন্ত।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারা দেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। এই আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে। এ কারণে নিষেধাজ্ঞা এড়াতে জেলার মাছ বিক্রেতারা প্রতি বছরের মতো এ বছরও সারা রাত মাছ বিক্রির করার জন্য মেলার আয়োজন করেন। এই মেলায় বেশ সাড়া পড়েছে।
গত শনিবার বিকেল থেকেই মাদারীপুর পৌর শহরের পুরানবাজার মাছের বাজারে ইলিশ নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলায় পুরুষের পাশাপাশি নারীর ভিড় ছিল চোখে পড়ার মতো। গভীর রাতেও মেলায় ভিড় লেগেই ছিল। স্থানীয়রা একে বলছেন ইলিশের মেলা। ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর মেলায় ইলিশের দাম বেশি ।
শুধু ইলিশ মাছই নয় মেলায় অন্য মাছও বেচাকেনা হয়েছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ইলিশ।
রহমত নামে এক ব্যক্তি বলেন, ‘ইলিশের মেলার কথা শুনে আসলাম। এসে দেখি অনেক মাছ উঠেছে মেলায়। হাজার হাজার মানুষ এসেছেন মাছ কিনতে। কিন্তু মাছের অনেক দাম বেশি।’
মেলায় আসা রায়হান নামে একজন বলেন, ‘সারা বছর যাতে বাজারে ইলিশ মাছের সরবরাহ থাকে সেজন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।’
ফারজানা নামে এক নারী বলেন, ‘ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। যাতে করে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে।’
মাছ বিক্রেতা মহাসিন বলেন, ‘সন্ধ্যা থেকে ইলিশ মেলা শুরু হয়েছে। চলছে ভোর রাত পর্যন্ত। সারারাতই এ মেলায় ইলিশ বিক্রি করেছি। অন্যান্য দিনের তুলনায় কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে মেলায় মাছ বিক্রি হয়েছে। আমরা আনন্দ নিয়েই মাছ বিক্রি করেছি।’
ক্রেতা বিক্রেতারা জানান, গত বছর ১ কেজির ইলিশ ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। এবার সেই ইলিশ ১ হাজার ৯০০ টাকার বেশি।’ মাঝারি আকারের ইলিশ ১ কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
মাদারীপুর পুরানবাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, ‘প্রতি বছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। সব মাছ ব্যবসায়ী সন্ধ্যা থেকে রাত ১২টার আগ পর্যন্ত ইলিশ বিক্রি করেন।’
মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪-এর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাইকিং, বাজার মনিটরিংয়ের ব্যবস্থাসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে নিয়ে এ কর্মসূচি সফল করব। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারা দেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে।
