৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:১৩ এএম

বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের পথে। মৌসুমি বায়ু আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরোপুরি বিদায় নেবে। ফলে আগামী দুদিন দেশের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় গত কয়েকদিনের তুলনায় গরমের অনুভূতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চলতি সপ্তাহের শেষের দিকে লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে দেশ জুড়ে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ছাড়া দেশের অন্য সব অঞ্চল থেকে বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নিতে পারে। পরের ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর আবহাওয়ার কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হয়। এ সময় লঘুচাপ, নিম্নচাপ, সাইক্লোন হওয়ারও সম্ভাবনা তৈরি হয়। এমনিতেও লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটা ৪৮ ঘণ্টার মধ্যে হবে। এটা ভারতে দক্ষিণ-পূর্বাংশ দিয়ে চলে যাবে, তার প্রভাবে বৃষ্টি হবে। বিশেষ করে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হবে। ঢাকায়ও কিছু বৃষ্টি হবে, তবে এটা হবে বিক্ষিপ্তভাবে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ বিষয়ে আগেই সতর্কতা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

সেখানে বলা হয়েছে, অক্টোবরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় হতে পারে। সারা দেশে তিন-পাঁচ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড়ও হতে পারে।

বলা হয়, এবার অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যার প্রভাবে বৃষ্টি হয়, ধীরে ধীরে বিদায় নেবে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

মনোয়ার হোসেন বলেন, ‘আমরা এ মাসে যে পূর্বাভাস দিয়েছি, তাতে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছি। সেই হিসাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ হতে পারে। এটা শেষ হয়ে গেলে আরও একটার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘এ সময় কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশেই বিক্ষিপ্তভাবে কমবেশি বৃষ্টিপাত হবে।’

গরমের বিষয়ে তিনি বলেন, ‘আগামী দুদিন গরম কমবে না। কিন্তু তার পরে বৃষ্টিপাত হলে গরম কিছুটা কমবে। কোথাও কোথাও ১৫ তারিখ থেকে বৃষ্টিপাত হবে। আবার কোথাও ১৬ তারিখ থেকে বৃষ্টিপাত হবে। তখন গরম কিছুটা কমে আসবে। এসময়ে ঢাকায় কম বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।

আজ ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, রাজশাহী , ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত