শেরপুরে ইনজেকশনের পর অসুস্থ ৩০ রোগী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম

শেরপুর সদর হাসপাতালে বিভিন্ন রোগের সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীদের ইনজেকশন দেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন রোগী অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনরা জানান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কী কারণে এই ধরনের ঘটনা ঘটলো তা এখন শনাক্ত করা যায়নি।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটেছে । 

শেরপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, কমপক্ষে ১২ জন রোগীকে শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দেওয়া হচ্ছে। অন্যান্য রোগীরাও খিচুনি, পেট ব্যাথা, মাথাব্যথা এবং বমি করছিল। সদর হাসপাতালে কর্তব্যরত কয়েকজন নার্স জানান এন্টিবায়োটিক গ্রুপের  সেফটিয়াক্সজম ও প্যান্টিট নামে দুটি ইনজেকশন দেওয়ার পর থেকেই রোগীরা অস্থিরতা পেট ব্যথা, খিচুনি ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পরে কর্তব্যরত ডাক্তাররা এসে রোগীদেরকে চিকিৎসা দিতে শুরু করেন। এ সময় কমপক্ষে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ সময় রোগী স্বজনরা অভিযোগ করেন কর্তব্যরত নার্স ইনজেকশন দেওয়ার পরপরই অবস্থা খারাপ দেখে সটকে পড়েন।

পেটের ব্যাথা নিয়ে ভর্তি রহিমা বেগমের আত্মীয় রাসেল মিয়া বলেন, ইনজেকশন দেওয়ার পরপরই আমার রোগী খিচুনি, পেট ব্যথা ও বমি করতে থাকে। নার্সদের বিষয়টি জানালে তারা আগে কোনো পাত্তা দেননি, পরে অবস্থার অবনতি হলে ডাক্তার এসে রোগীকে ওষুধ দেন।

শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ূন আহমেদ নূর জানান ঘটনার পর অসুস্থ রোগীদের অক্সিজেনসহ চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটলো এখনও আইডেন্টিফাই করা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত