১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো সাড়ে ৫০০ রান করেও হেরে যাওয়ার তিক্ত অভিজ্ঞতার পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বদলে ফেলা হয়েছে পাকিস্তানের টেস্ট একাদশ। ৩ বিশেষজ্ঞ ও ২ পার্টটাইম স্পিনারের মধ্যে একাদশে পেসার কেবল একজন আমির জামাল। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়া বাবর আজমের জায়গায় পাকিস্তানের জার্সিতে আজ অভিষেক হতে চলেছে কামরান গুলামের। আর স্পিনে ইংলিশদের কাবু করতে বাঁহাতি নোমান আলি ও ডানহাতি অফস্পিনার সাজিদ খানের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন ২০২২ সালে এই মুলতানেই ক্যারিয়ারের দুই টেস্টের শেষটি খেলা ৩৭ বছরের লেগস্পিনার জাহিদ মাহমুদের। ঝুলিতে ১২টি টেস্ট উইকেট রয়েছে তার। বদল আসছে ইংল্যান্ড একাদশেও। ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ওঠা ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে একাদশে ফিরেছেন ম্যাথিউ পটস। তাদের জায়গা করে দিতে বাদ পড়ছেন দুই পেসার ক্রিস ওকস ও গাস আটকিনসন।
প্রথম টেস্টের ব্যবহৃত পিচটিকেই বেছে নেওয়া হয়েছে মুলতানের দ্বিতীয় টেস্টের জন্য। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নতুন রূপে গড়া পাকিস্তান তাদের পরিকল্পনায় অটল বলে জানিয়েছেন সহকারী কোচ আজহার মাহমুদ, ‘আমাদের অ্যাপ্রোচ ছিল বাংলাদেশের বিপক্ষে পেস উইকেট আর ইংল্যান্ডের বিপক্ষে স্পিন। কিউরেটরের প্রতি আমাদের বার্তা ছিল দ্বিতীয় দিন থেকেই যেন উইকেটে স্পিন ধরে। তবে দুঃখজনকভাবে পঞ্চম দিনের আগে উইকেটে টার্ন পাওয়া যায়নি। আশা করছি নবম দিনে এসে উইকেটে শুরু থেকেই স্পিন কাজ করতে দেখা যাবে।’
তবে পাকিস্তান কোচের কথার সঙ্গে প্রথম টেস্টের একাদশে মিল দেখতে পাওয়া যায়নি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ছিলেন আবরার আহমেদ। আফ্রিদি, নাসিম ও জামাল তিন পেসার নিয়ে নেমেছিল পাকিস্তান। আজহার বলেছেন, ‘আপনাকে ২০ উইকেট নিতেই হবে। আমাদের মনে হয়েছে স্পিনেই তা সম্ভব। দলে যাদের নেওয়া হয়েছে তারা প্রত্যেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাপক অভিজ্ঞ।’ তবে সবচেয়ে আলোচিত বিষয় টেস্ট একাদশ থেকে বাবর আজমের বাদ পড়া। আজহার পরিষ্কার করেছেন বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে বাবরকে, ‘কৌশল ও সামর্থ্যরে দিক দিয়ে বাবর আমাদের এক নম্বর খেলোয়াড়। সামনে পাকিস্তানের অনেক ক্রিকেট রয়েছে। এ জন্য নির্বাচক কমিটি মনে করেছে বাবরকে বিশ্রামে রাখতে; কেননা এর পর আমাদের অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে যেতে হবে।’
হ্যামস্ট্রিংয়ের চোটে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সফরের প্রথম টেস্টেও মাঠে নামতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। আজই ফের ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে দেখা যাবে বেন স্টোকসকে। জানিয়েছেন, ‘আমি ভালো বোধ করছি, মাঠে নামতে মুখিয়ে আছি। রিহ্যাবের সময়টুকুতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’ ব্যবহৃত পিচেই দ্বিতীয় টেস্ট খেলা প্রসঙ্গে সতর্ক স্টোকস, ‘আমাদের দুজন (কার্স ও পটস) দারুণ পেসার আছে, তবে প্রয়োজনে যেকোনো সময় আমিও হাত ঘোরাতে পারব।’
