জিততে মরিয়া আর্জেন্টিনা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:০১ এএম

ভেনেজুয়েলার সঙ্গে জলাবদ্ধ মাঠে হতাশার ১-১ গোলে ড্রয়ের পর এবার বিশ্বজয়ীদের পরের মিশন বলিভিয়ার বিপক্ষে। রাজধানী বুয়েন্স আয়ার্সের ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে কাল সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দশম রাউন্ডের ম্যাচটির গুরুত্বও রয়েছে বেশ। এবারের আন্তর্জাতিক উইন্ডোর এ দুই ম্যাচে জয় পেলে বিশ্বকাপ বাছাই পেরোনো নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে হার ও ভেনেজুয়েলার মাঠে ড্র তাতে বাদ সাধলেও বলিভিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লিওনেল স্কালোনি।

সেজন্য আলবিসেলেস্তেরা এজেইজায় অবস্থিত লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বেশ। শুরুর একাদশ নিয়ে এখনো কাজ করে চলেছেন কোচ স্কালোনি। ভক্তদের জন্য সুখবর দলের মূল ডিফেন্ডার কুটি রোমেরোকে পাওয়া যাবে এ ম্যাচে। হলুদ কার্ড জমার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন টটেনহ্যামের এ ডিফেন্ডার। জার্মান পেজেলার জায়গায় দেখা যাবে তাকে। ইনজুরিতে থাকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে ফেরার ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। এ লিভারপুল মিডফিল্ডার শারীরিক অস্বস্তির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি। জিওভানি লো সেলসো বা থিয়াগো আলমাদার কারও জায়গায় শুরুর একাদশে থাকতে পারেন তিনি। মাঝমাঠে সেই সঙ্গে থাকবেন রদ্রিগো ডি পল এবং এনজো ফার্নান্দেজ। স্কালোনি যদি ৪-৩-৩ ফরমেশনে দল সাজান তাহলে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের সঙ্গে সম্মুখভাগে লাউতারো মার্তিনেজকে দেখা যেতে পারে। রক্ষণে পরিবর্তন আসতে পারে আরও। লিসান্দ্রো মার্তিনেজ একাদশে আসতে পারেন নিকোলাস ওতামেন্দির জায়গায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত