ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন সাজিয়ে একটা সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ভোটের সংস্কৃতি আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। খুব কম সময়ের ভেতরে আমরা নির্বাচন দেব। জনগণ যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করব।’
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষে বৌদ্ধ সমিতি আয়োজিত সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা শাসন করতে আসিনি, আগামী দিনে যারা দেশশাসন করবে তাদের জন্য পথ খুলে দিতে এসেছি। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যারা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনের সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ চাইলে আমাদের একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে। বিভেদ আমাদের ধ্বংস করে দেবে, সংঘাত আমাদের পিছিয়ে ফেলবে। আমাদের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাজানো বাগানের মতো। বাগানের ভেতরে যেমন বর্ণিল পুষ্পরাজি থাকে, কিছুর সুগন্ধ আছে, কিছু সুগন্ধহীন দৃষ্টিনন্দন। এটাই বাগানের বৈচিত্র্য। আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ মুসলমান, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে। এটা একটা বাগানের মতো। এটাকে আমাদের পরিচর্যা করতে হবে। লালন করতে হবে। আর নাহলে বাগানে ফুল ফুটবে না। বাগানের গাছ মারা যাবে। এই ঐতিহ্য পারস্পরিক সৌহার্দ্য আমাদের লালন করতে হবে।’
শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক সত্যপ্রিয় বড়য়া প্রমুখ এতে বক্তব্য দেন।
আমরা দেশ শাসন করতে চেয়ারে বসিনি : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা দেশ শাসন করতে চেয়ারে বসিনি। আগামী দিনে যারা শাসন করবেন, তাদের পথ পরিষ্কার করতে এসেছি।’
গতকাল বিকেলে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় এক বিশেষ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বেশিদিন রাষ্ট্রক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের সরকারের নেই। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে এ দেশের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। জনগণকে মনে রাখতে হবে, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।’
