নগরের জেএমসেন হলের পূজামণ্ডপের স্টেজে সংগীত-বিতর্কের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।
জামিনপ্রাপ্ত দুই আসামি হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম। দুজনই মাদ্রাসা শিক্ষক।
দুজনের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের প্রসিকিউশন শাখার উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির। এর আগে গতকাল দুই আসামির রিমান্ড শুনানির সময় বাগ্বিতণ্ডায় জড়ান বাদী এবং আসামিপক্ষের আইনজীবীরা। এক পর্যায়ে বিব্রত হয়ে এজলাস থেকে নেমে যান বিচারক মো. অলি উল্লাহ। তিনি দুই আসামির রিমান্ড নামঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শামসুল আলম আদালতকে বলেন, আসামিরা পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গিয়েছিলেন। মঞ্চে ওঠার আগে তাদের নাম ঘোষণা করা হয়। অপরদিকে বাদীপক্ষের কয়েকজন আইনজীবী আসামিদের রিমান্ড মঞ্জুরের দাবি জানিয়ে আদালতকে বলেন, আসামিরা যে গান করেছেন, তাতে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লেগেছে।
প্রসঙ্গত, পূজামণ্ডপের মঞ্চে ইসলামী ভাবধারার সংগীত পরিবেশন করে সনাতন ধর্মাম্বলীদের অনূভুতিতে আঘাত আনার অভিযোগে গত শুক্রবার নগরের কোতোয়ালি থানায় চট্টগ্রাম মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে একটি মামলা করেন। এতে কমিটির যুগ্ম সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্ত, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, মো. রনি, গোলাম মোস্তফা, মো. মামুনসহ সাতজনকে আসামি করা হয়।
অমিতাভের জন্যই কি সিঁদুর পরেন রেখা?
পূজামণ্ডপে ইসলামী গান বিতর্কে আটক ২