বাংলাদেশের প্রতিপক্ষ আর নতুন কোচ, সবাই একই তারিখে পা রাখল বাংলাদেশে। ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল। চলে এসেছেন বাংলাদেশ দলের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান কোচ ফিল সিমন্সও। লম্বা সফরের ক্লান্তিতে ভিআইপি লাউঞ্জেই এইডেন মার্করাম-সহ বেশ কয়েকজনকে ঘুমিয়ে পড়তে দেখা গেলেও হাসিমুখে নিই বাংলাদেশে পা রেখেছেন সিমন্স। ক্লান্তি ভুলে ছুটে গেছেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেও।
সোফায় হাতে ভর দিয়েই ঘুমাচ্ছিলেন মার্করাম। সফরসঙ্গীদের আরও কয়েকজন টেবিলে পা তুলে লম্বা হয়ে বিশ্রামে। বিমানবন্দরে পা রাখার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময়ে এমনই ছিল প্রোটিয়া দলের সদস্যদের হালচাল। সিমন্স ক্যারিবিয়ান হলেও এখন থিতু হয়েছেন ইংল্যান্ডে। সেখান থেকেই বাংলাদেশে এসেছেন। সকালেই চলে আসেন বিসিবি কার্যালয়ে। তারপর ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, মাঠ দেখেছেন, পরিচিত হয়েছেন কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গেও। বাংলাদেশে অবশ্য আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হয়ে অতীতে এসেছেন সিমন্স, এসেছিলেন কোচ হিসেবে সাক্ষাৎকার দিতেও। তাই কোনো কিছুই খুব একটা অচেনা নয় তার কাছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, নাহিদ রানা, নাইম হাসান-সহ অনেকেই ব্যক্তিগতভাবে পরিচিত হয়েছেন কোচের সঙ্গে, করেছেন শুভেচ্ছা বিনিময়। আলাপ করেছেন কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গেও।
বাংলাদেশ দলের আজ বিশ্রাম। দক্ষিণ আফ্রিকা অনুশীলন শুরু করবে আজ থেকেই। মিরপুরে বিসিবির অ্যাকাডেমি মাঠে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলনের সূচি রয়েছে প্রোটিয়াদের।
