একদিনে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। শুক্রবার ১৮ অক্টোবর) জেলা সদর, তালা ও আশাশুনির তিন স্থানে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শুক্রবার সকালে উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামে ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এ ঘটনায় জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমানের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে বাল্যবিয়ে বন্ধ করার পাশাপাশি ওই ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেন। দুপুরে আশাশুনির শ্রীকলা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী, বিকেলে সাতক্ষীরা শহরতলীর বাকালে নবম শ্রেণির আরেক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন। এ সময় তাদের অভিভাবকদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। এ সময় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রলয় কুমার বিশ্বাস।
সাতক্ষীরার সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ ভারতেশ্বরী বিশ্বাস বলেন, ‘বাল্যবিয়েতে দেশের মধ্যে সাতক্ষীরার অবস্থান শীর্ষে। সরকারি-বেসরকারিভাবে নানা সচেতনতামূলক কার্যক্রম চলার পর এ ধরনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। এক দিনে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধের ঘটনাটি ইতিবাচক। বাল্যবিয়ে বন্ধ করে দেওয়ার ঘটনায় ওই সব কন্যা শিশুদের ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হবে।’
