বিশুদ্ধ পানির সংকটে ভুগতে হচ্ছে নারায়ণগঞ্জ নগরবাসীকে। কয়েকদিন ধরে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ওয়াসার পাম্পের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বেশ কিছু এলাকায় পাম্পের মেরামত কাজ সম্পন্ন হলেও এখনো অনেক এলাকায় বিরাজ করছে বিশুদ্ধ পানির সংকট।
জানা গেছে, নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যার পানি একসময় দুই পাড়ের মানুষ রান্নার কাজে ব্যবহার করত। বিভিন্ন শিল্প বর্জ্যরে কারণে দেশের দ্বিতীয় দূষিত নদী হিসেবে চিহ্নিত শীতলক্ষ্যা অস্তিত্ব সংকটে ধুঁকছে। যে কারণে শীতলক্ষ্যার পানি সঠিকভাবে পরিশোধনও করতে পারছে না নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যার পানি শোধনের পর পাইপলাইনের মাধ্যমে নগরবাসীকে সরবরাহ করেছে ঢাকা ওয়াসা। তবে কয়েক বছর আগে ঢাকা ওয়াসাকে নিজেদের অধীনে নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বর্তমানে নগরবাসীকে পানি সরবরাহ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কয়েকদিন ধরে নাসিকের বেশ কয়েকটি পাম্পের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। শহরের খানপুর, মিশনপাড়া, চাষাঢ়া, আমলাপাড়া, প্রেসিডেন্ট রোড, কালিরবাজার, মাসদাইর, দেওভোগ, বাবুরাইলসহ বিভিন্ন এলাকায় কিছুদিন ধরেই বিরাজ করেছে পানির সংকট।
শহরের মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ জানান, দুদিন ধরে পানি আসেনি। আমাদের যাদের বাসাবাড়িতে রিজার্ভ পানির ট্যাংকি রয়েছে, তাদের সমস্যা না হলেও যাদের রিজার্ভ পানির ট্যাংকি নেই, তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
শহরের খানপুর এলাকার বাসিন্দা হানিফ আহম্মেদ জানান, তিন দিন ধরে আমাদের এলাকায় পানির সংকট। যাদের বসতবাড়িতে সাবমারসিবল পানির পাম্প রয়েছে, আমরা তাদের বাড়ি থেকে পানি নিয়ে এসে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছি। গতকাল বিকেলে সাপ্লাই লাইনে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।
শহরের দেওভোগ এলাকার বাসিন্দা শাহজাহান দোলন জানান, গত দুদিন পানির সংকট বিরাজ করলেও গতকাল দুপুরের পর থেকে পানির সরবরাহ স্বাভাবিক হয়েছে।
শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা আলমগীর হাসান জানান, কয়েকদিন ধরে তাদের এলাকায় পানির সংকট বিরাজ করছে। সাপ্লাইয়ের পানি সরবরাহ না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, কিছুদিন ধরে নাসিকের বেশ কয়েকটি পানির পাম্প বিকল হয়ে পড়েছিল। ইতিমধ্যে কয়েকটি পানির পাম্প মেরামত করা হয়েছে। বাকিগুলোরও মেরামত কাজ চলছে। আশা করছি শিগগিরই সবগুলো পাম্প চালু হয়ে যাবে।
