চন্দনাইশে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ ৯ জন আহত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে বনদস্যুদের (গাছ চোর) হামলায় পটিয়া রেঞ্জ কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার সময় বনবিভাগ পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বনবিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ফরেস্ট গার্ড মো. লোকমান, বাগান মালিক শাহাবুদ্দিন, বরগুনি বিট অফিসার রহমত আলী, হেডম্যান মহিউদ্দিন, বনরক্ষী মাহাবুবসহ আরও তিনজন।

পটিয়া রেঞ্জের আওতাধীন দোহাজারী রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম এলাকায় একদল চিহ্নিত বনদস্যু বনের গাছ কেটে পাচার করছে বলে সংবাদ পাওয়া যায়। তখনই বনবিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে বনরক্ষীরা অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় বনদস্যুরা। এতে ৯ জন আহত হয়। এসময় আত্মরক্ষার্থে বনরক্ষীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। 

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বলেন, এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত