ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ইসরায়েলি উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নেতানিয়াহুর মুখপাত্র বলেছেন, হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য ওই বাড়িতে ছিলেন না। বাড়িটি মূলত প্রধানমন্ত্রীর অবকাশকালীন নিবাস হিসেবে ব্যবহৃত হয়। এই হামলার পর তাৎক্ষণিকভাবে এর দায় স্বীকার করেনি হিজবুল্লাহ, হামাস বা হুতি। এদিকে ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল তার বাড়িতে হামলা হওয়ার কিছু সময় পর নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, এই জয়ের পথে যুদ্ধ থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাড়ির দিকে একটি ড্রোন চালানো হয়েছিল। যখন এই হামলাটি চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই ভবন কিংবা এর আশপাশেও ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত হেনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ।
টাইমস অব ইসরায়েলে এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন কি না তা স্পষ্ট নয়।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স বলছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি। তবে সেটি হিজবুল্লাহ ছুড়ে ছিল কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর তাৎক্ষণিকভাবে এর দায় স্বীকার করেনি ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। গত অক্টোবর থেকে হিজবুল্লাহসহ আরও কয়েকটি জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ড্রোনটি নেতানিয়াহুর বাড়ির একটি ভবনে আঘাত হানে। সেই ভবনটিতে কী ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। একই সময় মোট তিনটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে। তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্য দুটি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ঠেকিয়ে দেয়।
অবশ্য, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শুক্রবার হিজবুল্লাহ অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, শুক্রবার রাতে লেবানন থেকে চালানো এই ক্ষেপণাস্ত্রের অধিকাংশ প্রতিহত করেছে তারা। এসব ক্ষেপণাস্ত্রের কিছু খোলা জায়গায়ও আঘাত হেনেছে বলে দাবি আইডিএফ এর। আইডিএফ আরও জানিয়েছে, পশ্চিমের গ্যালিলি অঞ্চলে শত্রুপক্ষের একটি বিমান শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করছে ইসরায়েল বাহিনী।
এ ছাড়া বিমান শনাক্তের কয়েক ঘণ্টা পরই ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। পরবর্তী সময়ে আরও একটি ড্রোন হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে টেলিগ্রামে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে রাতভর রকেট হামলা চালানো হয়েছে।
গত বুধবার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হামাসও।
