৭ মার্চ দিবস বাতিলের প্রতিবাদে সমাবেশে হামলা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:১৬ এএম

ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী, সদস্য সৌমিত্র দেব, মাহবুবসহ ছয়-সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ২৫-৩০ জন নেতাকর্মী। এ সময় পাশ থেকে ২৫-৩০ জন হাতে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এতে সংগঠনটির ছয়-সাতজন আহত হন।

ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালী বলেন, ‘অনুমতি নিয়েই আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশটি করার জন্য দুপুর ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে যাই। সাড়ে ১২টার দিকে ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই ২৫-৩০ জন এসে অতর্কিত হামলা চালায়। এতে আমাকে ও আমাদের ছয়-সাতজনকে তারা পিটিয়ে আহত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।’

কারা হামলা করেছে জানতে চাইলে কুতুব হিলালী বলেন, ‘হামলাকারীদের দু-তিনজনের মুখ চিনি, তবে নাম জানি না। কর্মসূচি ঘোষণার পর থেকেই তা প্রতিহতের জন্য একটি মহল বলে আসছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা সমর্থন করে তারা এই হামলা করেছে।’

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ওসি মুহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘দুপুরে প্রেস ক্লাবে আওয়ামী লীগের কিছু লোক বিক্ষোভ করতে চেয়েছিল। সেখানে কয়েকজন পথচারী তাদের ওপর হামলা করে। মারামারির ঘটনা শুনেছি। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত