লেবাননে ১১ টন ওষুধ সামগ্রী পাঠাল ভারত

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম

যুদ্ধবিধ্বস্ত লেবাননে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত। ক্রমাগত ইসরায়েলি হামলার ফলে দেশটির অর্ধেক অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১১ টন ওষুধ সামগ্রী পাঠাল ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছে। গত শুক্রবার তিনি লিখেছেন, ‘ভারত লেবাননে ত্রাণ পাঠিয়েছে। সব মিলিয়ে ৩৩ টন ওষুধ পাঠানো হচ্ছে। প্রথমবারের মতো ১১ টন ওষুধ পাঠানো হলো।’

জয়সওয়াল ওই পোস্টে আরও লেখেন, ‘চালানটিতে কার্ডিওভাসকুলার ওষুধ, নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এজেন্ট, অ্যান্টিবায়োটিক ও অ্যানেস্থেটিকসসহ ফার্মাসিউটিক্যাল সরঞ্জাম রয়েছে।’

গত জুলাই মাস থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত তীব্র হয়। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে রকেট। ওই হামলায় ১৬ জনের মৃত্যু হয়। ক্রমাগত হুঁশিয়ারি দেওয়ার পর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে আক্রমণ করে ইসরায়েল।

ভারতে লেবাননের রাষ্ট্রদূত রাবি নারশ বলেন, লেবাননে আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দেশ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। তবে এদের মধ্যে অন্যতম। ভারত আমাদের ভাল বন্ধু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত