জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ চার দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

তাদের বাকিগুলো হলো, ২০২৩-২৪ শিক্ষারবর্ষের ভর্তি পরীক্ষায় বিদ্যমান শূন্য আসনগুলোতে অনতিবিলম্বে অপেক্ষমান তালিকা হতে ভর্তির ব্যবস্থা করতে হবে, সকল কোটায় ভর্তির সুযোগের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা ও মানদণ্ড সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রদান করতে হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি যৌক্তিকভাবে কমাতে হবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু বকর রাশেদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সব ইউনিট মিলিয়ে প্রায় ২০টি সিট খালি আছে। এই ২০টি সিট ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এই ২০টি আসনের বিপরীতে ৬ষ্ঠ মেরিট দেওয়ার কথা কিন্তু সেটা করা হয়নি। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, ২০২৪ সালের ভর্তি প্রক্রিয়ায় অনতিবিলম্বে শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির ব্যবস্থা করার।’

সৈকত বিশ্বাস বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সকল ক্ষেত্রে বৈষম্য মুক্ত একটা ব্যবস্থা তৈরি করা। বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যহীন ব্যবস্থা গঠনের দাবির সূত্রপাত , কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়াতে এখনও বৈষম্য বিদ্যমান রয়েছে। অথচ শিক্ষার সুযোগে সমতা প্রাপ্তির অধিকার প্রত্যেক নাগরিকের। বিদ্যমান সকল পেশার ক্ষেত্রে পোষ্য কোটার ব্যবহার যদি বৈষম্য হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ব্যক্তির ক্ষেত্রে পোষ্য কোটা ব্যবহার বৈষম্য নয় কেন? তাই অনতিবিলম্বে পোষ্য কোটার বিলুপ্তি প্রতিটি শিক্ষার্থীর প্রাণের দাবি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত