এ বছর ডেঙ্গু রোগী ছাড়াল অর্ধলাখ মৃত্যু ২৫০

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:০৪ এএম

দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে। আর মৃত্যু পৌঁছালো আড়াইশ’তে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৯ জন রোগী ভর্তি হয় ও এ সময় মারা যায় তিনজন। এর ফলে এ বছর এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯১৯ ও মৃত্যু ২৫০ জনে।

রোগীর এই সংখ্যা দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের ইতিহাসের গত ২৪ বছরের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ও মৃত্যু তৃতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০১৯ সালে ছিল দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ ও তৃতীয় সর্বোচ্চ ৬২ হাজার ৩৮২ রোগী ছিল ২০২২ সালে। অন্যদিকে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু গত বছর ১ হাজার ৭০৫ জন, দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ জন ২০২২ সালে ও এ বছর তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল ২০১৯ সালে ১৭৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৯২ জন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬২ জন ভর্তি হয়েছে, যা দৈনিক মোট রোগীর মধ্যে সর্বোচ্চ। এরপর ঢাকা বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০ ও খুলনা বিভাগে ১০১ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৭৭, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৩১ ও সর্বনিম্ন তিনজন ভর্তি হয়েছে সিলেট বিভাগে।

নতুন রোগীদের মধ্যে ৬৫৮ জন পুরুষ, যা মোট রোগীর ৬৩ শতাংশ এবং বাকি ৩৮১ জন বা ৩৭ শতাংশ রোগী নারী।

নতুন যে তিনজন ডেঙ্গুতে মারা গেছে, তারা সবাই ঢাকা দক্ষিণ সিটিতে ভর্তি ছিল। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

এ নিয়ে এ মাসের গত ২১ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৯৮১ জন, যা মোট রোগীর ৩৯ শতাংশ। এ সময় মারা গেছে ৮৭ জন, যা মোট মৃত্যুর ৩৫ শতাংশ। অথচ গত মাসের প্রথম ২১ দিনে রোগী ছিল ১০ হাজার ২৬৭ জন ও মৃত্যু ৪২। সে হিসেবে এই ২১ দিনে রোগী ও মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত