চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইসমাইল খানসহ ৮৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এতে ২৩ জনে নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ জনকে।
মোহাম্মদ সবুজ নামে এক ব্যক্তি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল হকের আদালতে এই মামলা করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সীতাকুণ্ড থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন- চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. মিছবাহ ইবনে হাকিম, কাজী মুসফিকুল সালেহীন ও মুন্সি তৌজিদ মুরাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৩ জন।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে চলা মানববন্ধন কর্মসূচিতে লাঠিসোঁটা, লোহার রড, হকিস্টিক ও কিরিচ নিয়ে স্বৈরাচারের দোসরসহ আসামিরা হামলা করে। হামলায় ৫০ জনের অধিক আহত হন।
