দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) সপ্তাহের সর্বনিম্ন ডেঙ্গু রোগী ভর্তি ও মৃত্যু হয়েছে। এ সময় মারা গেছে দুজন ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬১ জন। এর আগে এর চেয়ে কম ৪১১ রোগী ছিল ১৮ অক্টোবর ও একজন মারা যায় ১৪ অক্টোবর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন যে দুজন ডেঙ্গুতে মারা গেছে, তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও অন্যজন খুলনা বিভাগে ভর্তি ছিল। তাদের মধ্যে একজন ১১-১৫ বছর বয়সী ছেলে শিশু ও অন্যজন ২১-২৫ বছর বয়সী নারী। এ নিয়ে এ মাসের গত ২৬ দিনে ডেঙ্গুতে মারা গেল ১০৮ জন। অর্থাৎ গড়ে দৈনিক চারজনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বছরের মোট মৃত্যুর ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশ মারা গেছে গত ৯ মাসে।
এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২৭১ জন। তাদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ বা ১৪৫ জন নারী ও ৪৬ দশমিক ৫ শতাংশ বা ১২৬ জন পুরুষ।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৯৬১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬০৯ পুরুষ ও ৩৫২ নারী। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮১ জন, যা দিনের মোট ভর্তি রোগীর ৪০ শতাংশ। এর মধ্যে ঢাকা উত্তরের রোগী ২২৪ ও দক্ষিণে ১৫৭ জন।
নতুন রোগীদের ৬০ শতাংশ ঢাকার বাইরের। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬৯, চট্টগ্রামে ১৪১, খুলনায় ১০৫, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৪৪, রাজশাহীতে ২১, সিলেটে পাঁচ ও রাজশাহী বিভাগে এক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৭২৫ জন, যা বছরের মোট রোগীর ৪৪ শতাংশ। অর্থাৎ এ মাসে এখন পর্যন্ত দিনে ৯৫১ জন করে রোগী ভর্তি হয়েছে।
