বগুড়ায় জামায়াত আমির

আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:১৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনে কোনো একক মাস্টারমাইন্ড নেই। দেশের মানুষ আন্দোলনে শামিল হয়েছিল। আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব যুবসমাজের। যাদের জীবনের বিনিময়ে আমরা জুলুম থেকে মুক্তি পেয়েছি সেসব বীর শহীদদের জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর।’

গতকাল শনিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আমরাও দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। দলমতের ভিন্নতা থাকলেও দেশের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর বহু আগাছা-পরগাছা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন, গুম উপহার দিয়েছে। যার ফলে ছাত্র-জনতার আন্দোলনে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা দেশের মানুষের বুকে গুলি চালিয়েছিল, সেই জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার তাদের নেই।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী।

এর আগে বৃষ্টির মধ্যেই রুকন সম্মেলন শুরু হয়। বগুড়া শহর ও জেলা শাখার ৪ হাজার ৪৭ জন রুকন সম্মেলনে অংশগ্রহণ করেন। বগুড়া শহর সেক্রেটারি আ স ম আবদুল মালেক সম্মেলনের প্রস্তাবনা পাঠ করেন শোনান। উপস্থিত রুকনরা সর্বসম্মতভাবে প্রস্তাবনা অনুমোদন করেন। সম্মেলনে নবনির্বাচিত বগুড়া শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকারকে শপথবাক্য পাঠ করান আমিরে জামায়াত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত