প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০২:৩২ এএম

দাবি পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুদিন সময় চাওয়ায় পূর্বঘোষিত কর্মবিরতি স্থগিত করেছে বিসিএস গাইনি (জেনারেল ও সাবস্পেশিয়ালিটি) ফোরাম। ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিছুদিন সময় দিতে চান। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দাবি পূরণ না হলে দেশ জুড়ে কর্মবিরতিতে যাবেন সরকারি হাসপাতালে কর্মরত প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ বা গাইনি চিকিৎসকরা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরামের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পদ না থাকলেও অতিরিক্ত পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি, শূন্যপদ সাপেক্ষে পদায়ন ছাড়াও স্বকর্মস্থলে পদোন্নতি (ইনসিটু প্রমোশন) দেওয়ার দাবিতে সরকারকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিসিএস গাইনি ফোরাম। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশের গাইনি চিকিৎসকরা প্রথম পর্যায়ে ২৮-৩১ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। তারপরও দাবি পূরণ না হলে ২ নভেম্বর থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত জানান তারা।

গত ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ডাক দেন চিকিৎসকরা। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপিও দেন তারা। পরে দাবি পূরণে উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত