হবিগঞ্জের বাহুবলে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতল ভবনে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এক পর্যায়ে বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যাকর করতে।
ফোনে বিয়ে করছিলেন প্রবাসী, বন্ধ করল প্রশাসন
নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড ফের পুনর্গঠন, যুক্ত হলেন দুজন