লক্ষ্মীপুরে ২ পিস্তলসহ যুবক আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পিএম

লক্ষ্মীপুরে দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র-জনতা। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এ সময় তারা পিস্তল প্রদর্শন করেন। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে। তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রধারী যুবক ও অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদর থানার এস আই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কীভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত