দেশে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১২ জন রোগী। এই সংখ্যা এই বছরের সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি ১ হাজার ৪২৯ জন রোগী ভর্তি হয়েছিল গতবছরের ১৬ নভেম্বর।
এ সময় ডেঙ্গুতে মারা গেছে আরও ছয়জন। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং ঢাকা উত্তর সিটি ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে।
নতুন রোগীদের মধ্যে ৮০৩ পুরুষ ও ৫০৯ জন নারী। তাদের মধ্যে সর্বোচ্চ ০-১৫ বছর বয়সী শিশু ২২৯ জন, যা দিনের মোট রোগীর ১৭ শতাংশ। এরপর ২১-২৫ বছর বয়সী ১৭৩, ২৬-৩০ বছর বয়সী ১৬৭, ১৬-২০ বছর বয়সী ১৬১, ৩১-৩৫ বছর বয়সী ১৫৬, ৩৬-৪০ বছর বয়সী ১২৬ জন রোগী রয়েছে।
নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৮ শতাংশ বা ৫০৩ জন ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এর মধ্যে ঢাকা উত্তরে ৩২২ ও দক্ষিণে ১৮১ রোগী রয়েছে। এরপর ঢাকা বিভাগে ২৪৬, চট্টগ্রামে ১৮৯, খুলনায় ১৬৯, বরিশালে ১১৮, রাজশাহীতে ৪০, ময়মনসিংহে ২৮, রংপুরে ১৭ জন ও সিলেট বিভাগে দুইজন রোগী পাওয়া গেছে।
এ নিয়ে এ মাসের গত ২৯ দিনে মোট ডেঙ্গু রোগী পাওয়া গেল ২৮ হাজার ৪৮২ জন, যা বছরের মোট রোগীর ৪৮ শতাংশ। এই সংখ্যা এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ। এ বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪২০ জনে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ২৮৬ জন। তাদের মধ্যে এ মাসেই মৃত্যু হয়েছে ১২৩ জনের, যা বছরের মোট মৃত্যুর ৪৩ শতাংশ। মোট মৃত্যুর ৫৩ দশমিক ৫ শতাংশ নারী ও ৪৬ দশমিক ৫ শতাংশ পুরুষ। সবচেয়ে বেশি ১৩৯ জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ও সর্বনিম্ন একজন করে মারা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ৫০ জন, বরিশাল বিভাগে ৩৪, চট্টগ্রাম বিভাগে ২৮, খুলনা বিভাগে ১৭ ও ঢাকা বিভাগে ১২ জন মারা গেছে।
