কমলাকে সমর্থন দিলেন শোয়ার্জনেগার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম

গোটা বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। আগামী ৫ নভেম্বর এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এদিন ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস—কে হতে যাচ্ছেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট, সেই ভাগ্য নির্ধারিত হবে। ইতিমধ্যে অবশ্য দেশটির তারকা ব্যক্তিত্বরা নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানালেন সাবেক ক্যালিফোর্নিয়া গভর্নর, অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।

বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দীর্ঘ এক লেখায় নিজের মতামত তুলে ধরেছেন এই তারকা।

শোয়ার্জনেগার বলেন, ‘একজন রিপাবলিকান হওয়ার আগে আমি সবসময়ই একজন আমেরিকান থাকব। যে কারণে এই সপ্তাহে কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে (ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী) ভোট দিচ্ছি।’

ওই পোস্টের শুরুতে তিনি বলেন, ‌‌‘আমি সত্যিই কাউকে অনুমোদন করছি না। আমি আমার মতামত তুলে ধরতে লজ্জা পাই না, যদিও রাজনীতিকে ঘৃণা করি এবং বেশিরভাগ রাজনীতিবিদদেরই বিশ্বাস করি না।’

সাবেক এই গভর্নর বলেন, ‌‌‘এটাও বুঝি যে লোকজন আমার কাছ থেকে শুনতে চায়, কারণ আমি শুধু একজন সেলিব্রিটি নই, আমি একজন প্রাক্তন রিপাবলিকান গভর্নর।’

প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির হয়ে দীর্ঘ ৮ বছর ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন শোয়ার্জনেগার। সেই সময়ে কথা তুলে ধরে তিনি বলেন, ‘গভর্নর থাকার সময়টা আমাকে কর্মপন্থা ভালোবাসতে এবং রাজনীতিকে উপেক্ষা করতে শিখিয়েছিল। বাতাস দূষণমুক্ত করা, চাকরি ক্ষেত্র তৈরি, বাজেটে ভারসাম্য বজায়, রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো বিনিয়োগ এবং রাজনীতিবিদদের কাছ থেকে ক্ষমতা চিনিয়ে জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য যেসব কাজ করেছিলাম সেজন্য আমি গর্বিত। যখন ক্যালিফোর্নিয়ায় পুনঃবিভাগ প্রক্রিয়াই আমাদের মুখ্য বিষয়।’

সৎভাবে বলতে, আমি এখন কোনো দলকেই পছন্দ করি না। আমার রিপাবলিকানরা মুক্ত বাজারের সৌন্দর্য ভুলে গেছে, ঘাটতি তৈরি করেছে এবং নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। ডেমোক্রেটরা ঘাটতি মোকাবিলায় আর ভালো নয় এবং আমি তাদের স্থানীয় নীতিগুলো নিয়ে উদ্বিগ্ন, যা আমাদের শহরগুলোতে অপরাধ বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘এটা সম্ভবত আশ্চর্যের কিছু নয় যে, আমি রাজনীতিকে আগের চেয়ে বেশি ঘৃণা করি। আপনি যদি একজন সাধারণ ব্যক্তি হন, যিনি এই বাজে নেশায় আসক্ত নন, আপনি সম্ভবত বুঝতে পারবেন।’

তারপরই তিনি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানান। বিগত সময়ের বিভিন্ন নীতিমালার সমালোচনা করে বলেন, ‘কয়েক দশক ধরে আমরা জাতীয় ঋণ সম্পর্কে কথা বলেছি। কয়েক দশক ধরে আমরা ব্যাপক অভিবাসন সংস্কারের কথা বলেছি, যা আমাদের ভাঙা অভিবাসন ব্যবস্থা ঠিক করবে, আবার সীমান্তকে সুরক্ষিত করবে। অথচ ওয়াশিংটন কিছুই করেনি।’ 

পরোক্ষভাবে ট্রাম্পের সমালোচনা করে শোয়ার্জনেগার বলেন, ‘কিন্তু একজন প্রার্থী যিনি আপনার ভোটকে সম্মান করবে না, যদি না এটি তার পক্ষে হয়। একজন প্রার্থী যিনি তার সমর্থকদের পাঠাবেন ক্যাপিটলে ভাঙচুরের জন্য এবং ডায়েট কোক হাতে তিনি তা দেখছেন! এমন একজন প্রার্থী যিনি অন্য কোনো নীতি পাস করার জন্য কাজের সক্ষমতা দেখাননি। ট্যাক্স ছাড়, যা তার দাতাদের এবং আমার মতো অন্যান্য ধনী ব্যক্তিদের সাহায্য করেছিল, কিন্তু অন্য কাউকে সাহায্য করেনি। একজন প্রার্থী যিনি মনে করেন যে আমেরিকানরা যারা তার সাথে একমত নন তারা চীন, রাশিয়া বা উত্তর কোরিয়ার চেয়েও বড় শত্রু—এসব আমাদের সমস্যার সমাধান করবে না।’

প্রসঙ্গত, বছরখানেক ধরেই ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দোরগোড়ায় এসে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে যাচ্ছে—এমনটাই আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত