বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আস্থা বেড়েছে। আমাদের রিজার্ভও বাড়ছে, ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। পর্যালোচনা সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তিন মাসের মধ্যে সবকিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাব।’
বেসরকারি খাতের উন্নয়নের জন্য সরকার আন্তরিক জানিয়ে তিনি আরও বলেন, ‘খাদ্য, জ¦ালানি, সার ও কীটনাশক খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি।’
