আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৪ এএম

রোহিঙ্গাদের অস্ট্রেলিয়ায় নিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বরুক ও তার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমরা তাদের অনুরোধ করেছি কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। তারা ইতিমধ্যে প্রায় দুই হাজারের মতো রোহিঙ্গা নিয়েছেন। আমরা আবারও অনুরোধ করেছি যেন তারা আরও কিছু রোহিঙ্গা নাগরিক নিয়ে যান। তারা আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে তারা একটি দ্বীপের মতো জায়গায় রেখেছেন। যদিও সেখানে তাদের খাবারদাবারের কোনো অসুবিধা হয় না। তারা ওই ৯৭ বাংলাদেশিকে ফেরত আনতে অনুরোধ করেছেন। আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসব। অস্ট্রেলিয়ায় আমাদের অনেক বাংলাদেশি অবৈধ নয়, মাত্র ৯৭ জন অবৈধ আছেন। তিনি আরও বলেন, আমাদের কোস্ট গার্ডের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছিল। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত