২০২৬ বিশ্বকাপ নিয়েই বেশি প্রশ্ন শুনতে হয় মেসিকে

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:১৩ এএম

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন- প্রতিটি সাক্ষাতকারেই এই কমন প্রশ্নটি করা হয় আর্জেন্টিনার ফুটবল জাদুকরকে। মেসি কখনই সেটা খোলাসা করেন না। হয়তো নিজেও নিশ্চিত নন, দুই বছর পরের আসরে তিনি খেলবেন কিনা। এবার তিনি জানালেন, এই বিষয়টি নিয়েই আর্জেন্টিনায় তাকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ খেলা প্রশ্নে মেসি বলেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। এ বিষয়ে অনেক প্রশ্ন শুনতে হয়, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

যুক্তরাষ্ট্র-কানাডায় অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি আরও বলেন, ‘(প্রাক মৌসুম শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। আমরা যেমন ২০২৬ বিশ্বকাপের কাছাকাছি আছি, তেমনি এটাও ঠিক যে হাতে সময় আছে। ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’

ক্লাব ক্যারিয়ার নিয়ে রেকর্ড ৮ বারের এই ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘ক্লাব বড় করতে চাইলে শিরোপা জিততে হবে। এমএলএসে বাজে (২০২৩) একটি বছর কেটেছে। আমি আসার পর লিগস কাপ জিতেছে, যেটা ক্লাবের প্রথম শিরোপাও। ব্যাপারটা অসাধারণ ছিল। এখন আমরা প্লে–অফ খেলতে মরিয়া এবং আশা করি, এমএলএসও জিততে পারব। ক্লাব ও ব্যক্তিগত জায়গা থেকে আমরা এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত