শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু 

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে এসে একটি বন্যহাতি মারা গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তাণ্ডব আরও বেড়েছে। প্রতিনিয়ত দিনের বেলা ও রাতে অব্যাহত তাণ্ডব চলায় স্থানীয় কৃষকরা খেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।

বৃহস্পতিবার মধ্যরাতে প্রায় ৪০টি বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের খেতে খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। খবর পেয়ে বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পদির্শন করেন। 

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানান, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত