বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেট দায়ী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে। জুলাই বিপ্লবের মতো সিন্ডিকেট ভাঙতে জনগণ সহায়তা করবে। দেশের যে কোনো প্রয়োজনে জামায়াতও সবার আগে এগিয়ে যাবে।’
গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমির নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘গত ১৫ বছরের কালো মেঘের ছায়া এখনো কেটে যায়নি। এই সময়ে জাতীয় ঐক্যের প্রয়োজন, ব্যক্তি ও দলীয় স্বার্থ দেখার সময় এখন নয়। দল-মতে ভিন্নতা
থাকলেও জাতীয় ইস্যুতে ঐকমত্য থাকতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না। নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথা সবাইকে অন্তরে লালন করতে হবে। জাতীয় ইস্যুতে সবাইকে এক থাকতে হবে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই।’
তিনি বলেন, ‘স্বাধীন দেশ-জাতি অনেক বেদনাদায়ক দৃশ্য দেখেছে, জাতীয় জীবনে এগুলো অভিশাপ। কেউ জুলুম করুক সেটা চাই না, আমাদের কেউ কারও ওপর জুলুম করুক সেটাও চাই না। বিচারের মাধ্যমে যার যার পাওনা সে পাবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। বিচারের নামে জুলুম জামায়াত সমর্থন করে না। বিচারবহির্ভূত কোনো হত্যা জামায়াত কখনো সমর্থন করে না। খুনি হয়ে কেউ জনগণের বিপক্ষে অবস্থান নিক জামায়াত চায় না। সব রকম প্রতিহিংসা থেকে বিরত থাকতে হবে। তবে যারা হত্যার মতো অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে।’
এ সময় অধিকারের নামে কেউ বাড়াবাড়ি করছে কি না সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের আমির। একইসঙ্গে কোনো মহলের উসকানিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখতে অন্তর্র্বর্তী সরকারকে অনুরোধ করেন তিনি।
