ইংল্যান্ড থেকে নতুন ডিউক বলে হচ্ছে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলা। যে বল ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন করে দেবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মহানগরের বোলিং দেখে সেটা মনে হয়নি। খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয় ও অমিত মজুমদার দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। গড়েছেন ২৩০ রানের উদ্বোধনী জুটি। তবে বগুড়ায় সিলেট বিভাগের পেসাররা নতুন ডিউক বলের সুবিধাটা নিয়েছেন ভালো করেই। রংপুর যেন পাত্তাই পায়নি খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও আবু জায়েদ রাহিদের তোপের সামনে।
এনামুল অমিতের সেঞ্চুরি
ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারের ৪৫তম সেঞ্চুরির দেখা পেলেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেটে আবার তার ২৪তম সেঞ্চুরি। ১৬৯ বলে খেলেন ১২৫ রানের ঝলমলে ইনিংস। ১৩টি চার ও ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। একইদিনে ১৪৫ রান এসেছে খুলনার আরেক ওপেনার অমিত মজুমদারের ব্যাট থেকেও। অমিত ২৩৪ বল খেলে ১৪টি চার ও ৩টি ছক্কার দেখা পান। দুজনের সেঞ্চুরিতে উদ্বোধনী জুটি হয় ২৩০ রানের।
বিজয় ফেরার পর অমিত দ্বিতীয় উইকেটে আরও ৯৬ রান যোগ করেন ইমরুল কায়েসকে নিয়ে। তারপরের ৩২ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়েছে খুলনা। দিন শেষে খুলনা ৬ উইকেট করেছে ৩৫৮ রান। টিপু সুলতান (১) ও মেহেদী হাসান (০) অপরাজিত আছেন।
বগুড়ায় দাপট সিলেটের
দিনের আরেক ম্যাচে সিলেটের পেসার খালেদ আহমেদ, রেজাউর রহমান ও আবু জায়েদ রাহিরা দাপট দেখিয়েছেন রংপুর বিভাগের বিপক্ষে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ উইকেটে তারা প্রত্যেকেই শিকার করেছেন তিনটি করে উইকেট।
নতুন বলে রংপুরের তরুণ ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে আউট করে শুরুটা করেছিলেন রাহি। ৩০ ওভার পর দুই প্রান্ত থেকে ধস নামান খালেদ ও রেজাউর। আগের রাউন্ডে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়া রাজা এবারও নিয়েছেন ৩ উইকেট। টেস্ট দল থেকে ফিরেই খালেদের শিকার ৩ উইকেট। শেষের দিকে রাহি এসে আরও ২ উইকেট নিলে তিনিও দিন শেষ করেছেন ৩ উইকেট।
তিন পেসারের তোপে ৬২.৩ ওভারে ১৫৮ রানে থামে আকবর আলীদের ইনিংস। শেষ বেলায় সিলেট ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ২৪ রান।
বৃষ্টিতে খেলা হয়নি কক্সবাজারে
শুক্রবার সকালে এক থেকে দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছিল কক্সবাজারে। আর তাতেই জেলার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি মাঠের আউটফিল্ড এমনভাবে ভিজে, যে ২৪ ঘণ্টায়ও শুকানো যায়নি। সে কারণে বরিশাল ও রাজশাহীর ম্যাচের প্রথম দিনের খেলা হয়নি।
এই স্টেডিয়ামে অন্য মাঠে ঢাকা ও চট্টগ্রামের ম্যাচের মাত্র ২৬ ওভার খেলা হয়েছে। ঢাকা বিভাগের বিপক্ষে ৫ রানেই সাব্বির হোসেনকে হারায় চট্টগ্রাম। ১ রান করে রানআউট এই ওপেনার। এরপর ১০২ রানের জুটি গড়েছেন পারভেজ হোসেন (৫৪*) ও সাজ্জাদুল হক (৪৬*)। কক্সবাজার স্টেডিয়ামের দুটি মাঠের বাজে ড্রেনেজ সিস্টেমের কারণে ওই এক-দেড় ঘণ্টার বৃষ্টিতেই ভেসে গেছে বরিশাল-রাজশাহী ম্যাচের প্রথম দিনের খেলা।
গানারদের নিরস্ত্র করল নিউক্যাসেল
বার্সেলোনার সঙ্গে খেলতে চায় সাফজয়ী মেয়েরা
সামনে খেলা তাই অধিনায়কত্ব নিয়ে আলাপে অনিচ্ছুক হৃদয়