তাদের ‘কথা একটাই’

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম

আবারও একসঙ্গে আসছেন ইমরান মাহমুদুল ও পড়শী। জনম জনম, এক দেখায়, দ্বিতীয় জীবন, আবদার, বলে দাও, যতনে রেখেছি তোমায়, হৃদয়ের গহীনে এরপর ‘কথা একটাই’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন তারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

ইমরান মাহমুদুল বলেন, ‘আমার ও পড়শীর গানের প্রতি শ্রোতা-দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি, যার শিরোনাম কথা একটাই। শ্রোতা-দর্শকের কথা ভেবেই এই গানটি করা। আশা করছি, সবার ভালো লাগবে।’ পড়শী বলেন, ‘ইমরান ভাই ও আমি যতগুলো গান গেয়েছি, বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই নতুন প্রত্যাশা নিয়ে করা। দেখা যাচ্ছে যে জীবন মামা, ইমরান ভাই আর আমিÑ আমরা এই তিনজন যে গানগুলো করেছি, প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। মনে হচ্ছে যে, এবারও আমাদের তিনজনের নতুন গান শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

গানটি শিগগিরই পড়শীর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত