এবার আইপিএলকে বিদায়ের দিন জানালেন কোহলি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

চলতি বছর কুড়ি ওভারের বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। দেশের হয়ে আর ছোট ফরম্যাটে দেখা যাচ্ছে না তাকে। কিন্তু আইপিএল কত দিন খেলবেন তিনি? এই প্রশ্নের জবাব দিলেন কোহলি নিজেই।

আগামী মৌসুমের বড় নিলামের আগে কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধু তাই নয়, কোহলিকে ২১ কোটি টাকা দিচ্ছে তারা। গত মৌসুমে ১৫ কোটি টাকা পেতেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন কোহলি। বেঙ্গালুরুর এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার, আগামী কয়েক বছরের কথা ভাবছে তারা।

কোহলি নিজেও জানিয়ে দিয়েছেন, আরও তিন বছর আইপিএলের দেখা যাবে তাকে। তিনি বলেন, 'আরও তিন বছরের জন্য চুক্তি হয়েছে। এই তিন বছর হয়ে গেলে আরসিবিতে ২০ বছর খেলা হয়ে যাবে (২০০৮ সালে আইপিএলের শুরু থেকে এই দলেই খেলছেন কোহলি)। আমি সে দিকেই তাকিয়ে আছি। এটা আমার কাছে একটা বড় অনুভূতি।'

কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের একটি দলে এত বছর খেলছেন। কিন্তু একবারও দলকে আইপিএল জেতাতে পারেননি তিনি। সেই চেষ্টা আরও এক বার করতে চান কোহলি। এই দলেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।

কোহলি বলেন, 'বেঙ্গালুরুকে এবার চ্যাম্পিয়ন করার চেষ্টা করব। আইপিএলে অন্য কোনও দলে খেলব না। এখানেই অবসর নেব। তবে তার আগে আরও তিনটে বছর সময় আছে। এটাই আমাদের সুযোগ। যে দল আমাকে এক ভালবাসা দিয়েছে তাকে চ্যাম্পিয়ন করতে চাই।'

কোহলি ছাড়া রজত পাতিদার ও যশ দয়ালকে ধরে রেখেছে বেঙ্গালুরু। অর্থাৎ এবার পুরো নতুন দল তৈরি করতে চাইছে তারা। এখন দেখার নিলাম থেকে কেমন দল গড়ে কোহলির বেঙ্গালুরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত