মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে মন্তব্য করায় সমন্বয়ককে শোকজ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। টকশোতে ‘মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না’ মন্তব্য করায় এই পদক্ষেপ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

সম্প্রতি ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে হাসিব এমন মন্তব্য করেন। গত ২৬ অক্টোবর ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি প্রকাশ করা হয়। টকশোর মূল প্রতিপাদ্য ছিল ‘জাতীয় ঐক্যে কতটা চ্যালেঞ্জ’। ওই টকশোতে হাসিব আল ইসলামের পাশাপাশি বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত