ভুল বোঝাবুঝিতে সেঞ্চুরির সুযোগ হারালেন ইমন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

দুই রান নিয়ে সাজ্জাদুল হক সেঞ্চুরি পূর্ণ করতেই অন্য প্রান্তে দুই হাত ছড়িয়ে উদযাপন শুরু করলেন পারভেজ হোসেন ইমন। তিন ওভার পর সেই সাজ্জাদুলের ওপরই মেজাজ হারালেন ইমন। কারণ দুজনের ভুল বোঝাবুঝিতে মাত্র পাঁচ রানের জন্য যে সেঞ্চুরি করতে পারলেন না চট্টগ্রামের তরুণ ওপেনার।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে রবিবার তিন অঙ্কের জাদুকরী স্পর্শ পেয়েছেন বরিশালের ওপেনার ইফতেখার হোসেনও। এ ছাড়া বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন খুলনার শেখ মেহেদি হাসান।

সাজ্জাদুলের সেঞ্চুরি, পারভেজের ৫ রানের আক্ষেপ : কক্সবাজার অ্যাকাডেমি মাঠে আগের দিনের শতকছোঁয়া অবিচ্ছিন্ন জুটিকে রবিবার ২০০’র ঠিকানায় নিয়ে যান সাজ্জাদুল ও পারভেজ। ৫৪তম ওভারে তাইবুর পারভেজের বল অন সাইডে ঠেলে রানের জন্য ছোটেন পারভেজ। কিন্তু দুই ব্যাটসম্যানের কেউই ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারেননি।

শেষ মুহূর্তে ক্রিজে ফেরার চেষ্টা করেন পারভেজ। তাতে কোনো লাভ হয়নি। রান আউট হয়ে ব্যাট ছুড়ে মারেন বাঁহাতি ওপেনার। মাঠ ছাড়ার সময়ও নতুন ব্যাটসম্যান শাহাদাত হোসেনকে উত্তেজিতভাবে কিছু বলতে থাকেন তিনি। ৯ চার ও ২ ছক্কায় ১৪৪ বলে ৯৫ রান করেন পারভেজ। এটিই তার সেরা ইনিংস। তার বিদায়ে ভাঙে ২২১ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর আর তেমন কোনো জুটি গড়ে ওঠেনি। সাজ্জাদুল করেন ১৩৯ রান। ১৮৫ বলে ১৪টি চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি।

সাজ্জাদুল ও পারভেজের বড় জুটির পর ঢাকার বিপক্ষে দ্বিতীয় দিনে ৩৭১ রানে অলআউট হয় চট্টগ্রাম। পরে দিনের শেষ দিকে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে ঢাকা। ৩৪৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন তারা।

ব্যর্থতার ভিড়ে ইফতেখারের সেঞ্চুরি: কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে বরিশালের ইনিংস একাই টেনেছেন ইফতেখার হোসেন। দারুণ সেঞ্চুরিতে দলকে ২০০ পার করিয়েছেন বাঁহাতি ওপেনার।

ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিন টসই হয়নি এই মাঠে। রবিবার টস জিতে ব্যাটিং নিয়ে তেমন সুবিধা করতে পারেনি বরিশাল। ইফতেখারের সেঞ্চুরির পরও তারা গুটিয়ে গেছে ২০৫ রানে।

দিনের শেষ দিকে রাজশাহী ব্যাটিংয়ে নামার এক বল পরই আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত