বিডিআর হত্যাকান্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০২:০৭ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বিডিআর হত্যাকান্ডের পুনঃতদন্ত হবে এবং অবশ্যই হতে হবে। দ্রুতই তদন্ত টিম করা হবে। যেহেতু অন্যান্য অনেকগুলো হচ্ছে, এটাও হয়ে যাবে। কী হবে বলতে পারব না। তবে যেকোনো একটা হতেই হবে।’

গতকাল সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পূর্ণ নিষেধ। কিন্তু মানবিক একটা দিক রয়েছে। ওই বেল্টে আপনারা জানেন সারা দিনই গুলাগুলি হচ্ছে। এদের কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয়, খুব একটা বেশি রোহিঙ্গা ঢুকতে পারে না। আমাদের ১২ লাখ রোহিঙ্গা আছে, এখন ১৩ লাখের মতো হয়ে গেছে। তবুও কিছু ঢুকছে, আমি অস্বীকার করি না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু উন্নতি হলেও সন্তোষজনক নয় উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি হওয়া দরকার। খুব একটা সন্তোষজনক পর্যায়ে যে চলে গেছে, তা না। এখন যদি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন। জাস্ট সন্তোষজনক কিন্তু এটা আরও ভালো হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আপনারা জানেন ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক স্থাপন করতে সময় লাগবে। বিজিবিতেও অনেক চেঞ্জ করা হয়েছে। এজন্য একটু সময় লাগছে, তবে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। সামনের দিকে আরও উন্নতি হবে।

বিজিবিকে এক গুচ্ছ নির্দেশনা দেওয়ার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘জনগণের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় রাখে। বিজিবির যেহেতু বর্ডার ভিত্তিক কাজ করতে হয়, জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়। জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখলেই কাজ করতে সুবিধা হয়। তারাই কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে। সীমান্ত দিয়ে অনেক সময় ফেনসিডিলসহ অন্যান্য পণ্য চলে আসে। কোনো অবস্থায় যেন আর না আসে। এগুলো আমাদের জাতির অনেক অনেক ক্ষতি করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত