চাল, চিনি, গম-সহ রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সার আনতে অনুমোদন দেওয়ার পাশপাশি পর্যাপ্ত অর্থের বরাদ্দও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এফপিএমসির সভাপতি ড. সালেহউদ্দিন বলেন, অতি শিগগিরই যেন এই পণ্যগুলো আনা হয়, সেজন্য অনুমোদন ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করেছি; চাল গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন রোজার জন্য ডাল ও খেজুরের বরাদ্দে কোনো সমস্যা হবে না। কোনোভাবেই যেন ভোগ্যপণ্য বা ভোক্তাদের কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
