২৬ মার্চ-১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বরও ঐতিহাসিক দিন: প্রিন্স

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। একইসঙ্গে বিরাজনীতিকরণের প্রচেষ্টাও চলছে। ছাত্র গণবিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে আমাদের জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশের আয়োজন করে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

হালুয়াঘাটের গণসমাবেশে প্রিন্স বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতোই ৭ নভেম্বর জাতীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, নব্বইয়ের স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক ফ্যাসিবাদ পতনের ছাত্র-গণ বিপ্লবের চেতনা-আকাঙ্ক্ষা একই সূত্রে গাঁথা। স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা এবং দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যেমন ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, তেমনি ২৪-এর ৫ আগস্ট ফ্যসিবাদ ও আধিপত্যবাদের কবল থেকে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষায় গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র গণবিপ্লব হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও গণহত্যাকারী। তারা ফ্যাসিস্ট, গণবিরোধী ও গণশত্রু। তাদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নই ওঠে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আছে, ইনশাআল্লাহ সফল হবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর, উপজেলা। জাসাস আহ্বায়ক রাশেদ আমিন, সহসভাপতি মাহমুদুল হক মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত