গ্রামীণ ব্যাংকে স্যার না বলায় গ্রাহক লাঞ্ছনা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ এএম

গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে ভাই ডাকায় এক গ্রাহকের সঙ্গে অসদাচরণ ও ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এ ছাড়া ওই সেকেন্ড ম্যানেজার ফোনটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। একটি ভিডিও থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গত বুধবার দুপুরে গ্রামীণ ব্যাংকের হরিরামপুর উপজেলার ঝিটকা শাখায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুব্রত সন্ন্যাসী বলেন, বুধবার দুপুরে টাকা তুলতে একটি চেক নিয়ে আমি ব্যাংকে যাই। পরে তারা আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলেন, আগামীকাল আসার জন্য। তখন আমি, ম্যানেজারকে বলি ভাই কালকে কখন আসব? এটা বলার পরেই সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে ভাই বাদ দিয়ে স্যার বলে সম্বোধন করতে বলেন। তখন আমি তাকে কয়েকটা প্রশ্ন করলে তিনি আমার দিকে আঙুল তুলে মারতে উদ্যত হয়ে ব্যাংক থেকে বের করে দেন। এ ঘটনার ভিডিও করায় আমার মোবাইলটাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে অভিযুক্ত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, উনি স্যার বললে অসুবিধাটা কোথায়। এইটুকু কথা সহজভাবে নিলেই হয়। এই ছোট বিষয় নিয়ে যদি কেউ তিলকে তাল করে তাহলে আমার কিছু করার নেই।

ঝিটকা শাখার ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা বলেন, ভাই বলায় কোনো বাধা নেই। তবে প্রত্যেকটা অফিস একটা প্রটোকল অনুযায়ী চলে। সবাই ওটা মেইনটেইন করে। আর তাদের দুজনের সঙ্গে আগের কোনো ঘটনার জেরে হয়তো এই অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে থাকতে পারে। এটি নিয়ে আমি সেকেন্ড ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তিনি অনুতপ্ত। আমার কাছে ভুল শিকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত