কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি সেচ প্রকল্পে সোয়া পাঁচ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্টদের নোটিস দিয়েও কোনো সাড়া পায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ভাতশালা বৃহত্তর সেচ প্রকল্পটি গত বোরো মৌসুমে পরিচালনা করেন কাস্তুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ম. সাজন উদ্দিন। কিন্তু তিনি কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করেননি।
পল্লীবিদ্যুৎ সমিতি (মিঠামইন জোনাল) সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগ নেতা ম. সাজন উদ্দিনের কাস্তুল ভাতশালা বৃহত্তর সেচ প্রকল্পে সোয়া পাঁচ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। তাকে বারবার বিল পরিশোধের জন্য নোটিস দিলেও তিনি তা করছেন না।
বিল বকেয়ার ব্যাপারে সেচ প্রকল্পের ম্যানেজার আওয়ামী লীগ নেতা ম. সাজন উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সত্য। আমরা খুব দ্রুত বিল পরিশোধ করে দেব। এছাড়া মাঠে কৃষকদের কাছে আমাদেরও ১৬ লাখ টাকা বকেয়া রয়েছে। সেগুলোর তোলার চেষ্টা চলছে।’
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) নূরুল আমিন বলেন, ঠিকমতো বিল পরিশোধ না করার বিষয়টি দুঃখজনক। বিল পরিশোধের জন্য নোটিস দেওয়া হয়েছে।
