ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসাচ (সিইআর) এবং হুয়াওয়ে বাংলাদেশ’র সহযোগিতায় ‘রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইদিন ‘হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব’ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
হুয়াওয়ের অর্থায়নে ইউআইইউতে ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই ল্যাবের অন্যতম উদ্দেশ্য হলো টেকসই সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। এখানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী হুয়াওয়ে এবং সিইআর, ইউআইইউ সম্মিলিতভাবে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের আয়োজন করবে। এসব প্রশিক্ষণ ও কোর্সের বিষয়বস্তুতে নবায়নযোগ্য শক্তি টেকনোলোজি, গবেষণা, ডিজিটাল শক্তি এবং স্মার্ট এনার্জি সলিউশনের প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এটিই বাংলাদেশে প্রথম ল্যাব, যার অধীনে নবায়নযোগ্য শক্তি সংরক্ষনের সুযোগ থাকবে।
প্রধান অতিথি ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমানে কেউ পিছিয়ে থাকতে চায় না, সবাই র্স্মাটলি কাজ করতে চায়। সেজন্যে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি বর্তমান সময়ের জ্বালানি ব্যবস্থায় ২০ শতাংশ ব্যয় কমাতে সহায়তা করছে। এই ল্যাব দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইয়াও ওয়েন বলেন, ইউআইইউতে ইএসএস সিস্টেমসহ প্রথম সৌর ল্যাব উদ্বোধনের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি সেক্টরে তরুণদের ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই ল্যাব চীন এব বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ও সম্পর্কের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে।
ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, হুয়াওয়ে-সিইআর ইউআইইউ অ্যাডভান্স সোলার ল্যাব নবায়নযোগ্য শক্তি এবং টেকসই উন্নয়নে শীর্ষস্থানীয় প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং, শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকরি কর্মকর্তারা, ছাত্র-ছাত্রীসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি
প্রিয় গাড়ি কবর দিতে ২০০০ মানুষকে নিমন্ত্রণ দিলেন কৃষকের
গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 