পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে জটিলতার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে দল পাঠাবে না। নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হবে। এরপর বেশ বিপাকেই পড়েছে আইসিসি। লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা আটটি দল খেলবে এই টুর্নামেন্টে। ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট হওয়ার কথা। পাকিস্তানে দল পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপত্তির কথা আইসিসিকে মৌখিকভাবে জানিয়েছে বিসিসিআই।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের ম্যাচগুলো কোথায় হবে, নাকি ভেন্যুই পরিবর্তন করা হবে- সেটা অনিশ্চিত। জটিলতা কাটাতে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন আইসিসি কর্মকর্তারা।
টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে উপলক্ষে আগামী ১১ নভেম্বর লাহোরে একটি অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা যায়নি। আয়োজক এবং অন্য অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে সূচি নিয়ে এখনও আলোচনা চলছে। সূচি চূড়ান্ত হয়ে গেলে নির্দিষ্ট পদ্ধতি মেনে ঘোষণা করা হবে।’
যদিও ঠিক কী কারণে লাহোরের অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল শনিবার বলেছেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনো দেশ পাকিস্তানে দল পাঠাতে না চাইলে, লিখিতভাবে সুনির্দিষ্ট কারণ জানতে হবে। এখনও পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কথা বলেনি।’
প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। এরপর ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ১ মার্চ পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল রোহিতদের। ভারতীয় দলের সব ম্যাচ ছিল লাহোরে। কিন্তু বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন সংকট তৈরি হয়েছে।
০, ১, ২, ৩ মাহমুদউল্লাহর সেঞ্চুরি হবেই একদিন!
আরেকটি শিরোপা জেতা হলো না মেসির