গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ফিরবে; তবে সেটা হবে বিচারের জন্য, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কেউ যদি তাদের পুনর্বাসনের চেষ্টা করে তাকেও প্রতিহত করা হবে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, শুধু ভোটের জন্য এত মানুষ রক্ত দেয়নি। এ গণঅভ্যুত্থান হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। তারা নির্বাচনে দিনের ভোটের পরিবর্তে রাতের ভোট চালু করেছে। মরা মানুষকেও দেখেছি ভোট দিতে। সুতরাং, পুরো নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের পর নির্বাচন হবে।
রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের পর নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত ইলেকশন করে রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের হাতে তুলে দিয়ে গণঅভ্যুত্থান যারা করেছে, তারা বাসায় ফিরে যাবে; তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে বলতে চায়— আগে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার হবে এবং নির্বাচন এ সংস্কারের একটি অংশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের এ নেতা বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ প্রাসঙ্গিক কী না; সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে ৫ আগস্ট। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যত দিন পর্যন্ত না বিচার নিশ্চিত হয়, যত দিন পর্যন্ত ছাত্রজনতার সিদ্ধান্ত না হয়, তত দিন পর্যন্ত তাদের প্রকাশ্যে আসার কোনো ধরনের অধিকার নেই।
তিনি বলেন, ‘হিন্দুস্তান বসে হুংকার দেবেন আর গুলিস্তানে সংঘর্ষ করবেন। সেই সুযোগ ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্র-জনতা আপনাদের দেবে না।’
তিনি বলেন, আপনারা জানেনও— আওয়ামী লীগ নাৎসি বাহিনীর থেকেও বেশি নৃশংস। আওয়ামী লীগের যদি বিচার হতে হয় তাহলে লগি বইঠা দিয়ে মানুষ হত্যা, পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যা থেকে বিচার করতে হবে। আলেম সমাজের ওপর আওয়ামী লীগের নৃশংসতা দেখেছি। বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের ওপর বিগত ১৬ বছর গুম, হত্যা, নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদের বিচার করতেই হবে।
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: পররাষ্ট্র সচিব
মারাকানায় পেলের পাশে 'পায়ের চিহ্ন' রাখা হবে মেসির
ওবায়দুল কাদের আছে সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি, যা ঘটল...