ডেঙ্গুতে ৩৬০ মৃত্যুর ২২৯ জনই ঢাকায়

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

এ বছর দেশে ডেঙ্গু রোগীর ৪০ শতাংশ ও মৃত্যুর ৬৪ শতাংশ ঢাকায়। এখন পর্যন্ত দেশে মোট রোগী পাওয়া গেছে ৭৩ হাজার ৫৮৭ জন, তার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ভর্তি হয়েছে ২৯ হাজার ৪০৯ জন, যা মোট রোগীর ৪০ শতাংশ। একইভাবে রোগটিতে মারা গেছে ৩৬০ জন। তাদের মধ্যে ঢাকার দুই সিটিতে মৃত্যু হয়েছে ২২৯ জনের, যা মোট মৃত্যুর ৬৪ শতাংশ।

রোগীদের মধ্যে ঢাকা উত্তরে পাওয়া গেছে দেশের সর্বোচ্চ ১৫ হাজার ৭৭৭ ও দক্ষিণে ১৩ হাজার ৬৩২ জন। কিন্তু দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৩ জনের ও ঢাকা উত্তরে ৬৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

গতকাল সোমবার রাতে অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ১৯৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৪৩ জন বা ৬২ শতাংশ পুরুষ ও ৪৫১ জন বা ৩৮ শতাংশ নারী। রোগীদের মধ্যে ১৯২ জন শূন্য থেকে ১৫ বছর বয়সী শিশু, যা দিনের মোট রোগীর ১৬ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৭৯ জন ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটিতে। এরপর ঢাকা বিভাগে ২৬০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৮, চট্টগ্রাম বিভাগে ১৪৫, খুলনা বিভাগে ১৪০, বরিশাল বিভাগে ৯০, রাজশাহী বিভাগে ৬৮, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ১৬ ও সিলেট বিভাগে তিনজন ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি নভেম্বর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭৭০ জন। গত মাসের রোগী ছিল বছরের সর্বোচ্চ ৩০ হাজার ৮৭৯ জন। এ বছর মোট রোগীর ৬৩ শতাংশ বা ২৯ হাজার ৮৬৯ পুরুষ ও ৩৭ শতাংশ বা ১৫ হাজার ১৬৮ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। সর্বোচ্চ দুজন করে মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ও বরিশাল বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাসের গত ১১ দিনে ৬৩ জন মারা গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত