দালালের মাধ্যমে অনুপ্রবেশ করা ৮১ রোহিঙ্গা আটক

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

বান্দরবান আলীকদমে সীমান্ত দিয়ে দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক তিনটি অভিযান চালায়। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে রাখা হয়েছিল।

জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করানো হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদের কয়েকটি পাহাড়ি এলাকা থেকে আটক করে।

মো. শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা জানান, ৮ লাখ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে তারা আমাদের পাঠিয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব বলেন, আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত