ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত সোমবার রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় গাজা ও লেবাননে অবিলম্বে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান।
পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সৌদি যুবরাজ এবং ইসরায়েলকে যে কোনো ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের পদক্ষেপগুলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। কেবল ন্যায়বিচারের মাধ্যমেই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইত বলেছেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই সহিংসতার প্রতি বিশ্ব সম্প্রদায় দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
সৌদি আরবে অনুষ্ঠিত এবারের সম্মেলনের মূল অগ্রাধিকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠা। বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ওআইসি এবং আরব লিগ। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা মনে করছেন, গাজা ও লেবাননে ইসরায়েলের বর্বরতা আরব ও ইসলামি দেশগুলোর নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সম্মেলনে যোগ দিতে রবিবার রিয়াদে পৌঁছান। এছাড়া, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সম্মেলনে উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনে যোগ দিতে না পারলেও, সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপ করেছেন তিনি।
এদিকে, গত চার সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী হামলায় প্রাণ হারিয়েছেন ১২শ’র বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বেইত লাহিয়া এলাকায় বেসামরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। অধিকৃত উত্তরাঞ্চলের কামাল আদওয়ান, আল–আওদা ও ইন্দোনেশিয়ান হাসপাতালে অবরোধ আরোপ করে রেখেছে। ফলে সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে।
