২০২৪ সালের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত (কনসলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১১ কোটি টাকায় উন্নীত হয়েছে। একক (স্ট্যান্ডঅ্যালন) ভিত্তিতে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময় ব্যাংকটি ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখে ব্যালেন্স শিটে ২৬ শতাংশ প্রবৃদ্ধি (অ্যানুয়ালাইজড) অর্জন করেছে।
একদিকে ব্যাংকটির গ্রাহক আমানত ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে (অ্যানুয়ালাইজড) ৬১ হাজার ৬০২ কোটি টাকায় পৌঁছেছে এবং অন্যদিকে প্রদানকৃত গ্রাহক ঋণের পরিমাণ ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে (অ্যানুয়ালাইজড) ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৫৭ হাজার ৪১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায় এবং বিনিয়োগÑ উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জন এবং ফান্ডেড ও নন-ফান্ডেড আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির মাধ্যমে ব্যাংকটি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় (ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে) সামগ্রিক আয়েও ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
ব্যবসায়ে প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি পোর্টফোলিও কোয়ালিটিরও উল্লেখযোগ্য মানোন্নয়ন নিশ্চিত করা হয়েছে। ফলে, ব্যাংকটির নন-পারফর্মিং লোন (এনপিএল) রেশিও ২০২৩ সালের ডিসেম্বরে থাকা ৩ দশমিক ৩৮ শতাংশ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরে ২ দশমিক ৮০ শতাংশে নেমে এসেছে। এছাড়াও, যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করতে ব্যাংকটির এনপিএল কাভারেজ ২০২৪ সালের সেপ্টেম্বরে ১৩১ শতাংশ উন্নীত করা হয়েছে, যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ১১৫ শতাংশ। পাশাপাশি ব্যাংকটির সুসংজ্ঞায়িত রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট এবং প্রদানকৃত ঋণ আদায়ের চলমান প্রচেষ্টা পোর্টফোলিও কোয়ালিটি ম্যানেজমেন্টেও ব্যাপক ভূমিকা রেখেছে।
২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকটির উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে: সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের একই সময়ে থাকা ২.৯৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৪.৯২ টাকায় উন্নীত হয়েছে। সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২৫.১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৪৯.৫১ টাকায় উন্নীত হয়েছে। বিজ্ঞপ্তি
