বিতর্কিত কাউকে যেন উপদেষ্টা না করা হয় : ফখরুল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বর্তমান সরকারের। আমাদেরও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কারকাজ সম্পন্ন করতে পারে।’

গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্র্বর্তী সরকারকে সংস্কারকাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে, সহনশীলতা দেখাতে হবে, সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থা আমাদের আশা-আকাক্সক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা রাষ্ট্রীয় কাঠামোকে ঠিক করার জন্য ৩১ দফা দিয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার ঠিকভাবেই শুরু করেছে। তাদের যদি আমরা সবাই সহযোগিতা করি এবং একটা যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দিতে সক্ষম হবে। তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।’

 তিনি আরও বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে। জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭০০ মানুষকে গুম করে। এরা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হলো। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত